আকন্দবাড়িয়ায় মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভায় এসপি রুহুল কবীর

মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

আপলোড তারিখঃ 2026-08-21 ইং
আকন্দবাড়িয়ায় মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভায় এসপি রুহুল কবীর ছবির ক্যাপশন:

মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামে মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দর্শনা থানা লোকমোর্চা ও আকন্দবাড়িয়া মাদক নির্মূল কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।


‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’ এবং ‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় জনগণ, পুলিশ সদস্য, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালিতে অংশগ্রহণকারীরা মাদক বিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।


প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


পুলিশ সুপার আরও বলেন, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব ও ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবার সক্রিয় সহযোগিতা কামনা করেন।


আয়োজকরা বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। একই সঙ্গে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতেও মাদক বিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)