চুয়াডাঙ্গায় মাসিক এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভায় উদ্বেগ প্রকাশ

আত্মহত্যা প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরির তাগিদ

আপলোড তারিখঃ 2026-08-21 ইং
চুয়াডাঙ্গায় মাসিক এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভায় উদ্বেগ প্রকাশ ছবির ক্যাপশন:

‘চুয়াডাঙ্গায় ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ আত্মহত্যার মতো ভয়াবহ পথ বেছে নিচ্ছেন। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। চুয়াডাঙ্গার সবচেয়ে বড় ব্যাধিগুলোর একটি হলো আত্মহত্যা। এই প্রবণতা কমাতে আমাদের প্রচুর কাজ করতে হবে। এ সমস্যা মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক এবং সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে স্কুল-কলেজে নিয়মিত সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতন করতে হবে এবং তারা কোনো সমস্যায় পড়লে যাতে সহজে অভিভাবক, শিক্ষক কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে।’


গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মাসিক এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভায় এসব কথা বলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, চুয়াডাঙ্গায় ধনী-দরিদ্রসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যেই আত্মহত্যার প্রবণতা রয়েছে। এ প্রবণতা থেকে মানুষকে রক্ষা করতে হলে বছরব্যাপী মোটিভেশনাল ও সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে।


তিনি বলেন, ‘বছরে একটি অনুষ্ঠান করলাম, আর সারা বছর বসে থাকলাম-এভাবে আত্মহত্যার প্রবণতা কমানো সম্ভব নয়। আত্মহত্যা প্রতিরোধে সারা বছর ধরে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এবং তাদের মানসিকভাবে শক্তিশালী করে তুলতে হবে।’ জেলা প্রশাসক বলেন, জটিল রোগে মৃত্যুর পাশাপাশি আত্মহত্যার বিষয়টিও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে।


চুয়াডাঙ্গায় আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি খোঁজ করছি, জেলায় আত্মহত্যা প্রতিরোধ নিয়ে কারা কাজ করছে। গত বছরের জুন মাসে চুয়াডাঙ্গায় ২৮ জন আত্মহত্যা করেছেন। চলতি বছরের জুন মাসে এ সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ আত্মহত্যার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে।’


তিনি বলেন, আত্মহত্যা প্রতিরোধে কোনো একটি প্রতিষ্ঠান এককভাবে সফল হতে পারবে না। এজন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আত্মহত্যার কারণগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিএম তারিক উজ জামান। সভার শুরুতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির গত জুলাই মাসের সভার কার্যবিবরণী পাঠ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী। সভায় জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।


সভায় জেলার বিভিন্ন এনজিওর কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী মাসে তাদের বাস্তবায়নযোগ্য বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, কোনো এনজিও স্বাস্থ্য ক্যাম্প বা বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন করতে চাইলে পূর্বেই জেলা প্রশাসন ও সিভিল সার্জনকে অবহিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে হবে।


এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অনুমোদিত কারিকুলামের বাইরে কোনো ধরনের বই পড়ানো যাবে না বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সরকারি কারিকুলাম ও নির্ধারিত পাঠ্যক্রম অনুসরণ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সভায় জেলার আত্মহত্যা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আত্মহত্যা প্রতিরোধে এনজিওসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। শুধু দিবসভিত্তিক বা বিচ্ছিন্ন কর্মসূচি নয়, সারা বছর ধরে সচেতনতামূলক ও মোটিভেশনাল কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক দীপক কুমার সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, ব্র্যাকের ডিস্ট্রিক্ট ম্যানেজার মানিক ম্যাক্সিমিলিয়ান রু¹া, ওয়েব ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, সুবর্ণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিম্মা মিতাসহ জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)