খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে তিন জেলায় বিএনপির বর্ণাঢ্য কর্মসূচি

মিলাদ, দোয়া, আলোচনা ও বৃক্ষরোপণ

আপলোড তারিখঃ 2026-08-16 ইং
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে তিন জেলায় বিএনপির বর্ণাঢ্য কর্মসূচি ছবির ক্যাপশন:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ, কেক কাটা এবং প্রতিবাদ র‌্যালিসহ নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শনিবার দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।


চুয়াডাঙ্গা:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অডিটোরিয়ামে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ও রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। নানা প্রতিকূলতা ও কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি দেশের মাটি ও মানুষের প্রতি তাঁর ভালোবাসা থেকে কখনো সরে যাননি।


বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার কাছে দেশ ও দেশের মানুষই ছিল সবচেয়ে আপন। ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যের চেয়ে দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষাকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও সংগ্রাম দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।


আলোচনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, শান্তি ও পরকালীন নাজাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, পৌর বিএনপির মাহমুদুল হক পল্টু, জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মাহমুদ রাজীব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শরিফুল আলম বিলাস, সাধারণ সম্পাদক এম. এ. তালহা, জেলা ওলামা দলের আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা কৃষক দলের আরিফ জর্দার সোনা, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু ও থানা বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দেশের মানুষের পাশে থেকেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর রাজনৈতিক অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, সাহস ও আপসহীন ভূমিকা বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর রাজনৈতিক আদর্শ ধারণ করে বিএনপিকে আরও সুসংগঠিত করার পাশাপাশি দেশের মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। পরে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি শাফী।
এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক মীর উজ্জ্বল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ভাংবাড়ীয়া:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, প্রতিবাদ র‌্যালি ও মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। একই দিনে হাটবোয়ালিয়ার হুদা পরিবারের উদ্যোগে হাটবোয়ালিয়ায় মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী এবং আগস্ট বিপ্লবের মহানায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) বজলুল হুদার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকালে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে কেক কেটে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপন করেন দলীয় নেতাকর্মীরা। এসময় তাঁর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে দলীয় নেতাকর্মীরা সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এদিকে আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মসূচির প্রতিবাদে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিবাদ মোটরসাইকেল র‌্যালি বের হয়। র‌্যালিতে বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এতে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশ নেন। র‌্যালিটি ভাংবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদিকে হাটবোয়ালিয়া আদর্শ মহিলা মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের সফলতার জন্যও দোয়া করা হয়। কর্মসূচিগুলোতে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলা বিএনপির উদ্যোগে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। এসময় প্রধান অতিথি রফিকুল হাসান তনু মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। বিগত ফ্যাসিস্ট সরকার কঠিন নির্যাতন করেও দেশ ছাড়াতে পারেনি। নিজ বাড়ি থেকে বিতাড়িত করে সঠিক চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি বিগত ফ্যাসিস্ট সরকার। এতেও ক্ষান্ত হয়নি, অসুস্থ একজন মানুষকে জেলখানায় বন্দী করে রাখেন ওই পাষাণ ফ্যাসিস্ট সরকার। তিনি বলেছিলেন, আমার বাইরের দেশে কোনো বাড়িঘর নেই, আমার একমাত্র ঠিকানা এই বাংলাদেশ আর বাংলাদেশের মানুষ। আমি বাঁচলেও এ দেশে বাঁচব, মরলেও এ দেশেই মরব। তাই দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ বেহেশত নসিব করেনÑএই দোয়া করি।


এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, হাউলি ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসার আলীসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মওলানা মুফতি মামুনউর রসিদ।


জীবননগর:
জীবননগরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জীবননগর দত্তনগর রোডস্থ পৌর বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ঠান্ডু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, পৌর কৃষক দলের আহ্বায়ক আব্দুর সবুর, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমত আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহিদ মিয়া ও সাধারণ সম্পাদক বাদশা মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও দেশের প্রতি অবদান বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগায়।
তারা আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শনকে সামনে রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা। 
পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


মেহেরপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রুহের মাগফিরাত কামনায় মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতা মাসুদ অরুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সাবেক পৌর বিএনপির সহ-সভাপতি হাবিব। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


মুজিবনগর:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মুজিবনগর উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জালাল উদ্দিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এম সালাউদ্দিন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকন, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান এবং বাগোয়ান ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক।
এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে মুজিবনগর উপজেলা বিএনপির ব্যানারে সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদের নেতৃত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, মুজিবনগর উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ইউপি সদস্য ইউনুস আলী বগা, ইউপি সদস্য জাকির হোসেন, বাগোয়ান ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ বায়েজিদ, আশিকুজ্জামানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


বারাদী:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের বারাদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বারাদী বাজার ইউনিয়ন বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হাসানুজ্জান বিট্টুর সঞ্চালনায় ও জেলা তাঁতী দলের সভাপতি আরজুল্লাহ বাবলু মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মাসুদ অরুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল হামিদ লিপন মোল্লা, সেলিম মোল্লা, আলিহিম মেম্বার, মুনতাজ আলী, বিল্লাল হোসেন, হৃদয় ও সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর দীর্ঘ রাজনৈতিক ভূমিকা স্মরণ করেন বক্তারা। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও দেশের প্রতি অবদানের কথা তুলে ধরে বক্তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পরে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বারাদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


হরিণাকুণ্ডু:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক জিন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসান মাস্টার। বিশেষ অতিথি ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম টোটন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সবুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজির, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন, যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরুল হাসান মিঠু, সদস্য সচিব শামীম রেজা, যুগ্ম আহ্বায়ক মো. রাসেল আহাম্মেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ আরও অনেকে।
হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)