জীবননগরে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম, গ্রেপ্তার বোন

আপলোড তারিখঃ 2026-08-15 ইং
জীবননগরে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম, গ্রেপ্তার বোন ছবির ক্যাপশন:

জীবননগরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে রোজিনা খাতুন (৩৫) নামে এক নারীকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার আপন বোন ও ভাগ্নের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বোন সেলিনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার ছেলে সিয়াম (২৬) পলাতক রয়েছে। আহত রোজিনা খাতুন উপজেলার রায়পুর গ্রামের সালাউদ্দিনের স্ত্রী। অভিযুক্ত সেলিনা খাতুন একই গ্রামের ওমর ফারুকের স্ত্রী এবং সিয়াম তার ছেলে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রায়পুর ইউনিয়নের বাজারপাড়ার মৃত হারুনুর রশিদ সাড়ে ১০ শতক সম্পত্তি রেখে যান। ওই সম্পত্তি তার তিন মেয়ে সেলিনা, রোকসানা ও রোজিনার মধ্যে সমানভাবে ভাগ হয়ে প্রত্যেকে সাড়ে ৩ শতক করে পাওয়ার কথা। অভিযোগ রয়েছে, ভাগের পরও সেলিনা পুরো সম্পত্তি ভোগদখল করে আসছেন।


এদিকে রোজিনা ও তার অপর বোন রোকসানা নিজেদের অংশের জমি দখলে নিতে গেলে সেলিনা ও তার ছেলে সিয়াম তাদের হুমকি দেন বলে অভিযোগ করেন রোজিনা। অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে রোজিনা তার পৈত্রিক সম্পত্তির হিসাব বুঝে নিতে গেলে সেলিনা ও সিয়াম লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালান। এসময় তাকে মাটিতে ফেলে মারধর করার পাশাপাশি ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।


পরে রোজিনা গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় অভিযুক্ত পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, রায়পুরে মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে সেলিনা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তার ছেলে সিয়াম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)