দর্শনা পৌরসভার পরানপুরে দুই বছর ধরে জলাবদ্ধতা

দুর্ভোগে ২৫ পরিবার, দ্রুত প্রতিকার দাবি

আপলোড তারিখঃ 2026-08-15 ইং
দর্শনা পৌরসভার পরানপুরে দুই বছর ধরে জলাবদ্ধতা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পরানপুর গ্রামের তিনটি গলিতে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ২০-২৫টি পরিবারের মানুষ। কোথাও হাঁটু পানি, কোথাও পচা পানিতে দুর্গন্ধ-এ অবস্থায় এসব সড়কে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, পরানপুর দক্ষিণপাড়ার কুড়ান মণ্ডলের ছেলে আনোয়ার হোসেনের বাড়ি থেকে খদন মণ্ডলের ছেলে শাহাবুলের বাড়ি পর্যন্ত সড়ক এবং দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ইকবাল হোসেনের বাড়ি থেকে মতিয়ার রহমানের বাড়ি পর্যন্ত সড়কে দীর্ঘদিন ধরে পানি জমে রয়েছে। এছাড়া মজনুর বাড়ি থেকে মোজামের বাড়ি পর্যন্ত রাস্তাটিও জলাবদ্ধতার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।


এর মধ্যে ইকবাল হোসেনের বাড়ি থেকে মতিয়ার রহমানের বাড়ি পর্যন্ত সড়কে প্রায় দুই বছর ধরে পানি জমে আছে বলে অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় তা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি শিশু ও বয়স্কদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।


স্থানীয়দের অভিযোগ, এলাকার ড্রেনগুলো দীর্ঘদিন পরিষ্কার না করায় ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকে। দীর্ঘদিন ধরে একই পরিস্থিতি চললেও সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তায় পানি জমে আছে। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।”


এ বিষয়ে দর্শনা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা দ্রুত ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করে সড়কগুলো চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)