ছবির ক্যাপশন:
মাদকের টাকা না দেয়ায় ঝিনাইদহের মহেশপুরে জন্মদাত্রী মাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তানের বিরুদ্ধে। এ ঘটনার পর পালানোর সময় অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (১৪ আগস্ট) ভোররাতে উপজেলার শ্যামকুড় গ্রামের পশ্চিমপাড়ায় চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শকের বানু (৫০) ওই গ্রামের মৃত জেকের আলীর স্ত্রী। অন্যদিকে অভিযুক্ত ঘাতক ছেলের নাম ইখলাস (৪০)।
স্থানীয় সাংবাদিক মশিউর রহমান টিংকু জানান, ইখলাস দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায় সময়ই তার বৃদ্ধা মায়ের কাছে টাকা দাবি করতেন। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময় ইখলাস তার মায়ের কাছে টাকা চান। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে ভোররাতে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যান তিনি।
শুক্রবার সকালে নিহতের ছোট ছেলের স্ত্রী শকের বানুকে খাবার দিতে তার ঘরে যান। এ সময় বিছানায় শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি দ্রুত পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, ঘটনার পর সকালে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত ইখলাসকে আটক করেন এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ‘অভিযুক্ত ইখলাসকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
