ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার এমপিওভুক্ত আন্দুলবাড়ীয়া কলেজে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনের হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি, আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা এডহক কমিটির সাবেক সভাপতি ও প্রস্তাবিত এডহক কমিটির সভাপতি সাইদুর রহমান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাবু বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয় এবং এলাকাবাসীর ভালোবাসা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কলেজে ভালো ফলাফল অর্জন করা সম্ভব। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষাঙ্গনে কোনো ধরনের রাজনীতি করা যাবে না। সব ধরনের হিংসা-বিদ্বেষ, ভেদাভেদ ও গ্রুপিং ভুলে রাজনৈতিক দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে শিক্ষকরা প্রভাবমুক্ত পরিবেশে কাজ করবেন। কোনো ধরনের তদবির, বাণিজ্য বা সুপারিশ ছাড়াই আমরা ঐক্যবদ্ধভাবে কলেজের উন্নয়নে কাজ করতে চাই।
সভায় সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে আগামী শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি এবং দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রতিষ্ঠাকালীন পরিচালনা কমিটির সভাপতি, সদস্যসচিব ও সদস্যসহ বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে বিদায়ী ও প্রয়াত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং কমিটির সদস্যদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হক।
