ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬-এর উপজেলা শুমারি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার বাছাই কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার শহর সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গার আওতাধীন তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার মনোনয়নের উদ্দেশ্যে বাছাই কার্যক্রম শুরু হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বাছাই কার্যক্রম পরিচালিত হয়।
গতকাল সোমবার সদর উপজেলার ১ ও ২ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী এবং সকল ওয়ার্ডের সুপারভাইজার মনোনয়নের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ থেকে ৯ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী পদে আবেদনকারীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি তিথি মিত্রের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাঈদ হাসানসহ মৌখিক পরীক্ষা কমিটির সদস্যদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে, উপজেলা সমাজসেবা কার্যালয় চুয়াডাঙ্গা সদরের আওতাধীন ১০টি ইউনিয়নের তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার মনোনয়নের লক্ষ্যে গত ২ আগস্ট (শনিবার) সুপারভাইজার পদে সকল ইউনিয়নের আবেদনকারীদের এবং তথ্য সংগ্রহকারী পদে মোমিনপুর, পদ্মবিলা, বেগমপুর ও নেহালপুর ইউনিয়নের আবেদনকারীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
এছাড়া গতকাল সোমবার গড়াইটুপি, তিতুদহ, শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়নের তথ্য সংগ্রহকারী পদে আবেদনকারীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (আজ) কুতুবপুর ও আলুকদিয়া ইউনিয়নের তথ্য সংগ্রহকারী পদে আবেদনকারীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, সুপারভাইজার পদে মোট ১১৮টি আবেদন জমা পড়েছে। এসব আবেদনকারীর মধ্য থেকে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। অন্যদিকে, তথ্য সংগ্রহকারী পদে মোট ৭২১টি আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা শেষে এ পদে ৯৬ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচন করা হবে।
