ছবির ক্যাপশন:
দামুড়হুদায় আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার, নারী ও শিশু নির্যাতন, ইনোভেশন ফলোআপ মনিটরিং, সাইবার সিকিউরিটি, কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এই কমিটির সভাগুলোতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাড. রুহুল আমিন।
তিনি বলেন, সমাজে অর্থনৈতিক শ্রেণি বৈষম্য থাকবে কিন্তু আমাদের একটি কথা মনে রাখতে হবে সবার উপরে মানুষ। সুতরাং আমরা মানুষ একে অপরের সাথে খারাপ আচরণ ও খারাপ ব্যবহার করব না। অতীত রাজনীতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যে রাজনীতি করতে গিয়ে মসজিদের ইমাম, পূজামণ্ডপের পুরোহিত থেকে শুরু করে রাজনীতিবিদ, সরকারি আমলা, মন্ত্রী-এমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সমাজের এক শ্রেণির মানুষ পালিয়ে গেছে বা লোকচক্ষুর চোখের আড়ালে চলে গেছে। তাই আমাদের অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, যে রাজনীতি করতে গিয়ে বা ক্ষমতার চেয়ারে বসে নীতি নৈতিকতার বাইরে এসে সমাজের মানুষের সাথে এমন আচরণ ও ব্যবহার করা যাবে না, যে কারণে এক সময় আমাদেরও পালিয়ে যেতে হয়। সুতরাং আমাদের সমাজ ব্যবস্থা ও রাজনীতিটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে যেখানে অর্থনৈতিক শ্রেণি বৈষম্য থাকবে কিন্তু মানুষ হিসাবে সমাজে একে অপরের সাথে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি থাকবে না।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অফিসার নীলিমা আক্তার হ্যাপী, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন, দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, সেক্রেটারী আবেদ উদ দৌলা টিটন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, হাউলি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিজিবির প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
