চুয়াডাঙ্গায় বাস চালক-হেলপারদের ডোপ টেস্ট শুরু

মাদকসেবনের প্রমাণ মিললে চাকরিচ্যুতির পাশাপাশি আইনগত ব্যবস্থা

আপলোড তারিখঃ 2026-07-30 ইং
চুয়াডাঙ্গায় বাস চালক-হেলপারদের ডোপ টেস্ট শুরু ছবির ক্যাপশন:

সড়ক দুর্ঘটনা কমানো, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং মাদকমুক্ত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চুয়াডাঙ্গায় গণপরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারদের ডোপ টেস্ট শুরু করেছে জেলা পুলিশ। জেলা পরিবহন মালিক সমিতির সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চুয়াডাঙ্গা সরকারি হাসপাতালে পরিচালিত এ কার্যক্রমে জেলার বিভিন্ন রুটে চলাচলকারী রয়েল এক্সপ্রেস, পূর্বাশা পরিবহন, জে আর পরিবহন, চুয়াডাঙ্গা ডিলাক্স, দর্শনা ডিলাক্স, গোল্ডেন লাইন, জননী, নদীয়া, সাথী পরিবহন, রেখা পরিবহন, মামুন পরিবহন, শামীম এন্টারপ্রাইজ, নিউ মর্ডাণ পরিবহন, সৌদিয়া পরিবহন ও বিআরটিসির চালক, সুপারভাইজার এবং হেলপারদের পর্যায়ক্রমে ডোপ টেস্ট করা হচ্ছে।


জেলা পুলিশ জানিয়েছে, পরীক্ষায় কোনো চালক, সুপারভাইজার বা হেলপারের মাদকসেবনের প্রমাণ পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলা পুলিশ পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য কয়েকটি নির্দেশনা দিয়েছে।


এর মধ্যে রয়েছে- দূরপাল্লার বাসে নির্ধারিত সময় পরপর চালক পরিবর্তন নিশ্চিত করা, পর্যাপ্ত বিশ্রাম ছাড়া কোনো চালককে দীর্ঘ সময় একটানা গাড়ি চালাতে না দেওয়া, চালকের শারীরিক ও মানসিক সক্ষমতা যাচাই করে যানবাহন পরিচালনার অনুমতি দেওয়া, মাদকাসক্ত, অসুস্থ বা অতিরিক্ত ক্লান্ত অবস্থায় কাউকে গাড়ি চালাতে না দেওয়া এবং অতিরিক্ত গতি ও বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থেকে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা। পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের নিয়মিত তদারকির মাধ্যমে নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।


জেলা পুলিশের মতে, মাদকাসক্ত অবস্থায় যানবাহন চালানো জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিয়মিত ডোপ টেস্ট এবং পরিবহন খাতে প্রয়োজনীয় তদারকি অব্যাহত থাকবে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সকল পরিবহন মালিক, শ্রমিক, চালক, সুপারভাইজার ও হেলপারকে মাদকমুক্ত থেকে দায়িত্বশীলতার সঙ্গে যানবাহন পরিচালনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও দুর্ঘটনামুক্ত সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)