ছবির ক্যাপশন:
ডিবেট ক্লাব অব চুয়াডাঙ্গার (ডিসিসি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার যুক্তি, বুদ্ধিবৃত্তিক চর্চা ও সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে মুখর হয়ে ওঠে আয়োজনস্থল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে উপস্থিত হতে না পারায় তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান এবং চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার)। ডিবেট ক্লাব অব চুয়াডাঙ্গার সভাপতি মো. তাসিম সালামের সভাপতিত্বে প্রতিযোগিতায় জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এবং ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও বিশ্লেষণী দক্ষতা বিকাশে বিতর্কচর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিজয়ী হয় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। আর রানার্সআপ হয় মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়। এদিকে শ্রেষ্ঠ বক্তা হয় সাহারা।
