ছবির ক্যাপশন:
সরকারি প্রতিষ্ঠানে দৈনিক মজুরিভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুত করার প্রতিবাদ এবং চাকরির আইনি নিশ্চয়তার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে তারা দাবি আদায়ের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চুয়াডাঙ্গা জেলা শাখার মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
এসময় বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক শাজাহান আলী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা বিগত দিন থেকে অবহেলিত মাস্টাররোল কর্মচারী। আমরা বিগত দিন থেকেই অবহেলা ও বঞ্চনার মধ্যে জীবনযাপন করছি। বর্তমানে আমাদের বেতনে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, এদেশে বৈষম্যহীন বেতন অবকাঠামো এবং ২৫ এর কালো নীতিমালা বন্ধ করে আমরা যাতে আমাদের পরিবারের সদস্যদের নিয়ে ভালোভাবে বাঁচতে পারি, সে ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করবেন বলে আমরা আশাবাদী। দাবি উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের মূল দাবি ২৫-এর কালো নীতিমালা বাতিল করতে হবে এবং স্ব-স্ব প্রতিষ্ঠানে যাদের দীর্ঘদিন চাকরির বয়স হয়ে গেছে, চাকরির বয়স শিথিল করে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগ দিতে হবে।
আন্দোলনকারী কর্মচারীরা দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫ বাতিলের দাবি জানান। একই সাথে আউটসোর্সিং প্রক্রিয়ায় কর্মীদের রূপান্তর বন্ধ করে বয়স শিথিলপূর্বক স্ব স্ব প্রতিষ্ঠানে চাকরি স্থায়ীকরণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
তারা লিখিত দাবিতে জানান, দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের চাকরির আইনি নিশ্চয়তা দিতে হবে। কোনো প্রকার বৈধ কারণ এবং সুষ্ঠু তদন্ত কমিটি গঠন ব্যতীত অন্যায়ভাবে তিন হাজারেরও বেশি কর্মচারীকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুতি করা হয়েছে, তাদের অবিলম্বে স্ব-স্ব পদে পুনর্বহাল করতে হবে। দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের আউটসোর্সিং ব্যবস্থায় হস্তান্তরের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।
তারা আরও জানান, দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিল করে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক (মাস্টার রোল) কর্মচারীদের বয়সসীমা শিথিলপূর্বক চাকরি স্থায়ীকরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এসময় তারা আল্টিমেটাম দিয়ে বলেন, উপরোক্ত দাবি আগামী ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে দৃশ্যমানভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির নেতৃত্বে সারাদেশের দৈনিক মজুরি ভিত্তিক (মাস্টার রোল) কর্মচারীরা অর্থ বিভাগের অর্থ সচিবের পদত্যাগের দাবিতে আগামী ৯ আগস্ট ২০২৬ তারিখ রোববার বিক্ষোভ সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা করবে।
মানববন্ধন শেষে স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আহ্বায়ক শাহজাহান আলী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোমিন, সাগর আলী, সিফাত উল্লাহ, সালাউদ্দিন, সদস্যসচিব মশিউর রহমান, সদস্য মিলন মিয়া, জাহাঙ্গীর আলম, রাজু, রাশেদুল ইসলাম, হাফিজুর রহমান, আনারুল ইসলাম প্রমুখ।
