ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১০৫তম ব্যাচ) শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)। নবীনবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনে সততা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের আহ্বান জানান বক্তারা।
গত শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ডুসাকের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নবীনদের ফুল, চকলেট ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. সাহিদুজ্জামান টরিক। তিনি নিজের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি মানুষ গড়ার কারখানা। এখানকার প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে নিজেকে দক্ষ, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জীবনে বড় হওয়ার আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে।
ডুসাকের উপদেষ্টা ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মহসিন কবির বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। সহশিক্ষা কার্যক্রম, সাংগঠনিক চর্চা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে নিজেদের নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে। চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা যেন তাদের মেধা ও কর্মে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বাড়িয়ে তোলে।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস শিপন, রয়েল এক্সপ্রেস পরিবহন ও ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক শামসুর রশীদ দীপু, লুব্রোম্যাক্স অয়েল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক বিল্টু, রাজস্ব কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল মান্নান এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজহারুল হক রিমন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যেন কেবল ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। একই সঙ্গে নবীনদের পারস্পরিক সহযোগিতা, নৈতিকতা ও একতার বন্ধন অটুট রাখার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসাকের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব ও সুমাইয়া তিথি। অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং চুয়াডাঙ্গা জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
