নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে

জেলা পরিষদ প্রশাসকের কাছে লিখিত অভিযোগ

আপলোড তারিখঃ 2026-07-24 ইং
নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ইউসুফ হাসান ও অধ্যক্ষ আবু নাসিরের বিরুদ্ধে ফান্ড তছরুপ, নিয়োগ বাণিজ্য এবং নানা আর্থিক অনিয়মের অভিযোগ এনে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কলেজের শিক্ষক ও কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে শিক্ষক ও কর্মচারীরা নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে অনিয়ম ও দুর্নীতির হাত থেকে রক্ষায় প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এসময় কলেজের বর্তমান প্রশাসনিক বিশৃঙ্খলা, আর্থিক অনিয়ম এবং শিক্ষা কার্যক্রমে স্থবিরতা নিয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগে বলা হয়, গভর্নিং বডির সভাপতি ইউসুফ হাসান ও অধ্যক্ষ আবু নাসির পরস্পরের যোগসাজশে কলেজের ফান্ড থেকে প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া অডিট কমিটির দীর্ঘ ২১ মাসের প্রতিবেদনে তাদের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম ও তছরুপের সুনির্দিষ্ট তথ্য উঠে এসেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।


শিক্ষক প্রতিনিধিদের অভিযোগ, অবৈধ প্রক্রিয়ায় বাংলা বিভাগে আরলিজা নামে একজন প্রভাষককে নিয়োগ দেওয়া এবং পরবর্তীতে তার বেতন-ভাতার আবেদনকে কেন্দ্র করে বড় অঙ্কের আর্থিক লেনদেন ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে কলেজের স্বাভাবিক শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করেন।


অভিযোগ দাখিলকালে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আবু জাফর, আশাদুল হক, আব্দুর রফিক মল্লিক, জিয়াউর রহমান, মাসুদ রানা, মরিয়ম জামিলা, মুসলিমা খাতুন, প্রভাষক টিপু সুলতান, ইমদাদুল হক খান, মাসুদুর রহমান, রুহিয়া জেসমিন, খাইরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মিঠুন কুমার দাস, নাজমুল ইসলাম খান, রফিকুল ইসলাম, সেলিনুর রেজাসহ কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


এদিকে, এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশের পর থেকেই অধ্যক্ষ আবু নাসির কলেজে অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, তার দপ্তরে তালা ঝুলছে। সহকর্মীদের কেউই তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেননি। একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।


নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক কর্মচারী বলেন, ‘পত্রিকায় সংবাদ প্রকাশের পর থেকেই অধ্যক্ষ আর কলেজে আসছেন না। তিনি কোথায় আছেন, সেটিও আমরা জানি না। ফলে প্রশাসনিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)