আলমডাঙ্গার ফরিদপুরে সেচ পাম্প চুরি, চোর গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-07-23 ইং
আলমডাঙ্গার ফরিদপুরে সেচ পাম্প চুরি, চোর গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর এলাকা থেকে সৌরচালিত সেচ পাম্প ও বৈদ্যুতিক তার চুরির ঘটনায় এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৭টার দিকে উপজেলার টেকপাড়া পাঁচলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় জনতার সহায়তায় এক ব্যক্তিকে আটক করে থানা-পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত ইউনুস আলী (৩৩) চুয়াডাঙ্গার দর্শনা থানার শান্তিপাড়া এলাকার আব্বাস আক্কাস আলীর ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই রাত ৮টা থেকে ১৯ জুলাই সকাল ৭টার মধ্যে উপজেলার ফরিদপুর গ্রামের বাগানপাড়া জামালের নাড়ারচাঁরা মাঠের কৃষিজমি থেকে দুটি সৌরচালিত পানির পাম্প এবং পাঁচ কয়েল বৈদ্যুতিক তার চুরি হয়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা।


পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ইউনুস আলীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সহযোগীদের নিয়ে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে।


আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)