ছবির ক্যাপশন:
সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে জেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও বাঁশের তৈরি খাঁচা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অন্যতম উপাদান। বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, আজ যে চারাগুলো বিতরণ করা হচ্ছে, সেগুলো রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা করতে হবে। প্রতিটি বিদ্যালয় যদি নিজস্ব ক্যাম্পাসে সবুজ বেষ্টনী গড়ে তোলে, তবে সরকারের সবুজায়ন কর্মসূচি আরও বেগবান হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠান শেষে জেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও বাঁশের তৈরি সুরক্ষামূলক খাঁচা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে সরকারের সবুজায়ন কর্মসূচিকে আরও গতিশীল করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
