ছবির ক্যাপশন:
মেহেরপুর শহরের ওয়াপদার মোড় এলাকায় ইউটার্ন নেওয়া একটি ট্রাককে ধাক্কা দিয়ে একটি লোকাল যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে উল্টে পড়েছে। কুষ্টিয়াগামী এই বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওয়াপদার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মেহেরপুর থেকে কুষ্টিয়ার দিকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লোকাল বাসটি ওয়াপদার মোড়ে পৌঁছালে একটি ট্রাক হঠাৎ ইউটার্ন নিতে যায়। এ সময় বাসটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয় এবং চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজে অংশ নেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা এই উদ্ধারকার্য অংশগ্রহণ করেন। আহত ১২ জনকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণে কিছু সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটি খাদেই পড়েছিল। তবে বাসটি ওপরে তোলার প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।
