ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে চুয়াডাঙ্গা-৬ বিজিবি

চাল-ডাল-তেলসহ খাদ্যপণ্য বিতরণ

আপলোড তারিখঃ 2026-07-16 ইং
ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ছবির ক্যাপশন:

সাম্প্রতিক টানা ভারী বর্ষণে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় অসংখ্য পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে দিনমজুর, নিম্নআয়ের ও অসহায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গতকাল বুধবার দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) গৌবিপুর মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করে।


ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, ভোজ্যতেলসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য। এসব সহায়তার মাধ্যমে দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যূনতম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হয়।
ত্রাণ বিতরণকালে বিজিবির সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারা বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) জানায়, সীমান্তবর্তী জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার পাশাপাশি সীমান্ত এলাকায় শান্তি, সামাজিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায়ও বিজিবির এ উদ্যোগ কার্যকর অবদান রাখছে।


চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, বিজিবি শুধু সীমান্তের নিরাপত্তাই নিশ্চিত করে না; প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)