ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সচেতন করে তুলতে হবে। প্রত্যেক শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করে, তাহলে ভবিষ্যতে আরও সবুজ ও বাসযোগ্য দেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। তিনি বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা এবং বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ করে তোলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার ওসি (তদন্ত) আলী হোসেন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর খাইরুল ইসলাম, উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দার।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বড় পর্দায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হয়। পরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
