ছবির ক্যাপশন:
টানা কয়েক দিনের ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত দর্শনা পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পৌর প্রশাসক শাহিন আলম। গতকাল সোমবার বেলা ২টার দিকে তিনি জলাবদ্ধতা ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর, ৩ নম্বর ওয়ার্ডের আজমপুর, ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ারপুর, ৫ নম্বর ওয়ার্ডের পরানপুর স্কুলপাড়া, ৮ নম্বর ওয়ার্ডের শ্যামপুর গ্রামের নদীর ধার এলাকা এবং জয়নগর চেকপোস্ট এলাকা ঘুরে দেখেন।
পৌর প্রশাসক শাহিন আলম বলেন, টানা ভারী বর্ষণের কারণে দেশের অন্যান্য স্থানের মতো দর্শনা পৌরসভার বিভিন্ন নিম্নাঞ্চলও পানিতে প্লাবিত হয়েছে। এতে বেশ কিছু ঘরবাড়ি, সড়ক, ড্রেন ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত সড়কসহ জনসাধারণের চলাচলের স্থানগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি যেসব ড্রেন ও কালভার্টে ময়লা-আবর্জনা জমে পানি চলাচলে বাধা সৃষ্টি হয়েছে, সেগুলো দ্রুত পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হবে। স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, পৌরসভার প্রকৌশলী সাজেদুল আলম, কর নির্ধারক জাহিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী হারুন অর রশিদ এবং স্থানীয় বাসিন্দারা।
