ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা শহরে দুর্বৃত্তদের হামলার শিকার বহিষ্কৃত যুবদল নেতা জাহিন শেখের চিকিৎসা শুরু হয়েছে ঢাকার পঙ্গু হাসপাতালে। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে তাকে সেখানে রেফার্ড করা হয়। গতকাল রোববার সকালে হাসপাতালে পৌঁছানোর পর বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হামলায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া জাহিন শেখের বাম হাতের কবজি জোড়া লাগানো সম্ভব হয়নি। এছাড়া তার বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি আগের মতো স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় পূর্বপরিকল্পিত হামলার শিকার হন জাহিন শেখ। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
আহত জাহিন শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন এবং বর্তমানে দল থেকে বহিষ্কৃত। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, ঘটনার তদন্ত চলছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
