ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার শেখপাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত-পা বেঁধে আক্তার মিস্ত্রি নামের এক ব্যক্তির গরু বিক্রির নগদ ৬০ হাজার টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শেখপাড়া কারিগর পাড়ায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আক্তার মিস্ত্রি ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্তার মিস্ত্রি সম্প্রতি একটি গরু বিক্রি করে ৬০ হাজার টাকা ঘরে রেখেছিলেন। শুক্রবার রাতে তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ফেলে। এরপর তার হাত-পা বেঁধে মারধর করে এবং ঘরে থাকা গরু বিক্রির ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
আক্তার মিস্ত্রি জানান, সংঘবদ্ধ চক্রের ৪ জন সদস্য তার বাসায় এসেছিল। টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেছি। তদন্ত কাজ অব্যাহত আছে। ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন, তাদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
