ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীর রাইপুর বাজারে গরু বোঝাই লাটাহাম্বার উল্টে উজ্জ্বল (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময়ে আহত হয়েছেন আরও ১০ জন গরু ব্যবসায়ী। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়েছে। নিহত উজ্জ্বল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী রায়পুর গ্রামের মুজাহিদ জানান, মেহেরপুর থেকে গরু বোঝাই লাটাহাম্বাটি গাংনীর রায়পুর বাজার হয়ে আলমডাঙ্গা পশুহাটে যাচ্ছিল। রায়পুর বাজারে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সেটি উল্টে যায়। গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন ব্যবসায়ী উজ্জ্বল। একই সময়ে আহত হন আরও ১০ ব্যবসায়ী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাসুদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, রায়পুর নামক স্থানে গরু বোঝাই লাটাহাম্বা দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
