ছবির ক্যাপশন:
মাদকমুক্ত সমাজ গঠন এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করতে আলমডাঙ্গা উপজেলা ভাংবাড়িয়ায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে মানববন্ধন ও বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ভাংবাড়িয়া ঈদগাঁহ বাজারে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-যুবক, ক্রীড়াপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশের ভারসম্য রক্ষা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। মানববন্ধন শেষে ভাংবাড়িয়া ঈদগাঁহ বাজার থেকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি বের হয়।
র্যালিটি ভাংবাড়িয়া এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে মাদকমুক্ত সমাজ বিনির্মাণ ও পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানের সার্বিক উদ্যোগ গ্রহণ করেন ভাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন জোয়ার্দ্দার।
এসময় উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, চুয়াডাঙ্গা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কায়ুমউদ্দিন হিরোকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী এবং বিপুলসংখ্যক আর্জেন্টিনা সমর্থক।
