ছবির ক্যাপশন:
জীবননগরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, গাছ আমাদের অমূল্য সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রেহাই পেতে বেশি করে গাছ লাগাতে হবে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। আপনারা সঠিক জায়গায় গাছ লাগাবেন এবং গাছের সঠিক পরিচর্যা করবেন।
অনুষ্ঠানের সভাপতি জীবননগর কৃষি অফিসার আলমগীর হোসেন বলেন, চলতি বছরে জীবননগর উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা, শ্বশান, কবরস্থানসহ বিভিন্ন প্রদর্শনী বাগানে পর্যায়ক্রমে ৬ হাজার ৩ শত ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। গাছগুলো যেখানে লাগানো হবে সেখানে জিওগ্রাফি লোকেশন ট্র্যাক করতে হবে, যাতে গাছগুলো সঠিক জায়গায় লাগানো হয়েছে কিনা অথবা পরিচর্যা সঠিকভাবে হচ্ছে কি না, সেটা নির্ণয় করা যেতে পারে। বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে কৃষকদের বেশি করে গাছ লাগাতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন প্রমুখ।
একই সময়ে যশোর টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প থেকে জীবননগর উপজেলার রুহুল আমিন ও আশরাফুল ইসলাম লাল নামের দুইজন কৃষি উদ্যোক্তাকে পাওয়ার স্প্রেয়ার মেশিন বিতরণ করা হয়।
