ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জীবননগর পৌর বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গতকাল সোমবার বিকেলে জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির নেতারা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বিষয়ে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী নাসর ইকবাল ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক শাহাজান আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, পৌর কৃষক দলের আহ্বায়ক ইউনুস আলী, সদস্যসচিব নাজমুস সাবুর, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন বিশ্বাস, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. জাহিদ হোসেন, পৌর যুবদলের আব্দুল আলিমসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
নবাগত ইউএনও বলেন, জীবননগর উপজেলার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। এ সময় উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো গঠনমূলক উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে, জীবননগরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানির সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস জীবননগর থানা শাখার দায়িত্বশীলদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সাক্ষাতে বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের খানের নেতৃত্বে জীবননগর থানা শাখার একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
মতবিনিময়কালে মাওলানা জুবায়ের খান বলেন, জীবননগর পৌরবাসী দীর্ঘদিন ধরে ময়লা ফেলার নির্দিষ্ট স্থানের অভাবে ভোগান্তির শিকার। রাস্তার পাশে ময়লা ফেলার কারণে জনদুর্ভোগের পাশাপাশি পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যার একটি স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করলে জীবননগরবাসী তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। এছাড়া জীবননগরকে মাদকমুক্ত করতে আন্তরিক পদক্ষেপ গ্রহণ এবং ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
উপজেলা নির্বাহী অফিসার প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, জীবননগর থানা শাখার সভাপতি মুফতি শাহজামাল, সাধারণ সম্পাদক জুবায়ের আল মাহমুদ, বাইতুল মাল সম্পাদক মুফতি আমানুল্লাহ, পৌর আহ্বায়ক আব্দার আলীসহ থানা শাখার অন্যান্য দায়িত্বশীলগণ।
