জুয়া প্রতিরোধ আইনে দেশের প্রথম মামলা জীবননগর থানায়

আপলোড তারিখঃ 2026-07-05 ইং
জুয়া প্রতিরোধ আইনে দেশের প্রথম মামলা জীবননগর থানায় ছবির ক্যাপশন:

১ জুলাই থেকে নতুন 'জুয়া প্রতিরোধ আইন, ২০২৬' কার্যকর করা হয়েছে। এই আইনে গতকাল শনিবার চুয়াডাঙ্গার জীবননগর থানায় একটি মামলা হয়েছে। এটিই এই আইনে দেশের প্রথম মামলা বলে জানা গেছে। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।


জীবননগর থানা-পুলিশ ও এজহার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (৩ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে রাত্রীকালীন টহলে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জীবননগর-দর্শনা মহাসড়কের আধুনিক সিনেমা হলের সামনে একটি চায়ের দোকানে ক্যারাম বোর্ডের মাধ্যমে জুয়া খেলা চলছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসআই পবিত্র কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অভিযানে ব্যবহৃত চায়ের দোকান থেকে দুটি ক্যারাম বোর্ড জব্দ করা হয়।


মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেনÑ দেলোয়ার হোসেন, মাসুম, মাহবুব আলম, জামাত আলী, লালন, জব্বার, রুবেল, সামাউল, জাফর হোসেন, ফারুক, রাজু আহম্মেদ সুইট, নজরুল ইসলাম, শিকদার ও মিন্টু।এছাড়া আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।


এজাহারে বলা হয়েছে, প্রধান আসামি দেলোয়ার হোসেনের চায়ের দোকানটি জুয়া খেলার স্থান হিসেবে ব্যবহৃত হতো এবং সেখানে ক্যারাম বোর্ডের মাধ্যমে বাজি ধরে জুয়া খেলার সুযোগ দেওয়া হতো। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫, ১৮, ১৯ ও ২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।


জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ বলেন, গত ১ জুলাই থেকে নতুন 'জুয়া প্রতিরোধ আইন, ২০২৬' কার্যকর করা হয়েছে। এই আইনে অনলাইন বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ম্যাচ-ফিক্সিং ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়া খেলা বন্ধে এতে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।


ওসি আরও বলেন, আইন পাস হওয়ার পর চুয়াডাঙ্গার পুলিশ সুপার স্যারের নির্দেশনায় প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে। জীবননগর থানায় আজ যেই মামলা হয়েছে এটি আমার জানা মতে এই আইনে দেশের প্রথম মামলা। আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)