ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনিপাড়ায় একটি বাল্যবিবাহের আয়োজন পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ছেলেপক্ষের অভিভাবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জয়রামপুর কলোনিপাড়া এলাকার ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভাবদিয়া গ্রামের জুবায়ের হোসেনের (২৫) বিয়ের আয়োজন করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ের আয়োজন বন্ধ হয়ে যায়। পরে বাল্যবিবাহের আয়োজনের দায়ে ছেলেপক্ষের অভিভাবক জামিলা আক্তারকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। কিশোর-কিশোরীদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
