চুয়াডাঙ্গায় নজরুল বর্ষের তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

নজরুলের আদর্শে তরুণদের গড়ে তোলার আহ্বান

আপলোড তারিখঃ 2026-07-03 ইং
চুয়াডাঙ্গায় নজরুল বর্ষের তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ছবির ক্যাপশন:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গান, কবিতা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে জাতীয় কবির জীবন, কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, আজীবন অন্যায়, শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন কাজী নজরুল ইসলাম। তাঁর গান, কবিতা ও জীবনদর্শন বর্তমান প্রজন্মকে দেশপ্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করতে পারে। তাই নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।


অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সার্বিক নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। প্রধান অতিথির বক্তব্যে শারমিন আক্তার বলেন, ‘নজরুল আমাদের প্রেম, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তিনি যেমন অধিকার আদায়ে দৃঢ় হওয়ার শিক্ষা দিয়েছেন, তেমনি মানবিকতারও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাহিত্যে তাঁর অবদান অনন্য। তরুণদের উচিত তাঁর সাহিত্য ও শিল্পকর্ম থেকে অনুপ্রেরণা নেওয়া।’ তিনি আরও বলেন, ‘নজরুলকে কোনো নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ করা যায় না। তাঁর সৃষ্টিতে মুক্তচিন্তা ও বিশ্বমানবতার প্রতিফলন ঘটেছে।’


মাদক প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় চুয়াডাঙ্গায় মাদকের ঝুঁকি তুলনামূলক বেশি। সারা বছর শিশু-কিশোর ও তরুণদের সাংস্কৃতিক এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রাখা গেলে তাদের সৃজনশীলতা যেমন বিকশিত হবে, তেমনি তারা মাদকের মতো সামাজিক ব্যাধি থেকেও দূরে থাকবে।


মনোয়ারা খুশি ও হিরণ-উর-রশীদ শান্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস। আলোচক হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা অরিন্দমের সভাপতি আলাউদ্দিন এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ। অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন তিন দিনব্যাপী 'নজরুল বর্ষ' সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নজরুলসংগীত, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)