ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা শহরের মালিক টাওয়ারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় তা নিয়ন্ত্রণে এসেছে। এতে বড় ধরনের ক্ষয়-ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে শহরের শহীদ আবুল কাশেম সড়কে অবস্থিত মালিক টাওয়ারে হঠাৎ ধোঁয়া দেখা দিলে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর আমরক দুটি টার্নওভার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ভবনের ভেতরে ধোঁয়া দেখতে পায়। পরে আগুনের উৎস শনাক্ত করে গ্রাউন্ড ফ্লোরের একটি কক্ষে আগুন জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
স্টেশন অফিসার আরও জানান, ভবনটিতে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার কিছু ঘাটতি রয়েছে। বিষয়টি ভবন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সতর্ক করা হয়েছে।
