ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা যুবদলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বহিষ্কৃত যুবদলের যুগ্ম আহ্বায়ক ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা এভিশনের কথিত সাংবাদিক পরিচয়ধারী জাকির হোসেন শামীম উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।
তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের একটি প্রমাণও যদি পাওয়া যায়, তবে দল যে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে, তা তিনি মেনে নেবেন। তবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে সাংবাদিক সংগঠন এবং প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মইনুদ্দিন ময়েন, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আব্দুল গনি, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল সরদার, আশাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
