চুয়াডাঙ্গায় যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে করণীয় শীর্ষক সভা

‘তথ্যের ফ্যাক্ট-চেকিং এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়’

আপলোড তারিখঃ 2026-06-30 ইং
চুয়াডাঙ্গায় যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে করণীয় শীর্ষক সভা ছবির ক্যাপশন:

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গায় ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে করণীয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন অংশ নেন।


সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ব্যবহারের ফলে তথ্য আদান-প্রদান সহজ হলেও গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। বিশেষ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া তথ্য শেয়ার করার প্রবণতা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।


বক্তারা আরও বলেন, স্মার্টফোন ও ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার অনেক ক্ষেত্রে সামাজিক অবক্ষয়, অপরাধপ্রবণতা এবং পারিবারিক বন্ধনের দুর্বলতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ অবস্থায় সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বৃদ্ধি এবং নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্বারোপের আহ্বান জানানো হয়। সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।


তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল হতে হবে। কোনো তথ্য পাওয়া মাত্রই তা শেয়ার না করে আগে সত্যতা যাচাই করতে হবে। বড় কোনো ঘটনার ক্ষেত্রে গুগল, জাতীয় গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নিশ্চিত হওয়ার পর তা প্রচার করা উচিত। তথ্যের ফ্যাক্ট-চেকিং এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।’


তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে পরিচালিত অ্যাকাউন্ট থেকে অনেক সময় গুজব ছড়ানো হয়। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অ্যাকাউন্ট যাচাইয়ের ব্যবস্থা থাকলে ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করা সহজ হতে পারে।’
সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র বলেন, ‘বর্তমানে প্রায় প্রতিটি পরিবারেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী রয়েছে। অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়েও বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।’ তিনি বলেন, ‘যারা ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালায়, তারা সমাজের জন্য ক্ষতিকর। সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা।’


সভায় আরও উপস্থিত ছিলেন ইউপিইটিসির ইন্সট্রাক্টর আনারুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদা ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার মেহেদী হাসান, তথ্য সেবা কর্মকর্তা আফলাতুন ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)