ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে উদীচী ডিঙ্গেদহ শাখার ব্যতিক্রমী আয়োজন ‘কাঁঠাল খাই, গুণ গাই’ শীর্ষক জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২৬। গত শুক্রবার ডিঙ্গেদহ বাজারে বিশ্বাসের দোকানের সামনে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় ফল কাঁঠালের ইতিহাস, ঐতিহ্য, পুষ্টিগুণ ও গ্রামীণ সংস্কৃতিতে এর গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কোরবান আলী মণ্ডল, সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, লালন গবেষক আব্দুল মান্নান ফকির, সাংবাদিক ও পাস-এর নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন এবং সেরা কাঁঠাল চাষি মাসুদ করিম। স্বাগত বক্তব্য দেন উদীচী চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি হাবিবি জহির রায়হান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী ডিঙ্গেদহ শাখার সভাপতি আব্দুস সাত্তার এবং সঞ্চালনা করেন হেলাল উদ্দিন বিশ্বাস। আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বদিজ্জামান তুষার, রিমা শারমিন, আদিল হোসেন ও শাওন কুমার রায়।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল দুই মিনিটব্যাপী কাঁঠাল খাওয়া প্রতিযোগিতা। এতে আশপাশের বিভিন্ন গ্রামের ২২ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় মোজাম আলী ও মুনতাজ আলী সমানভাবে ৩৭টি করে কাঁঠালের কোষ খেয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেন। তৃতীয় স্থান অধিকার করেন আজমিরুল ইসলাম জনি, তিনি ৩১টি কাঁঠালের কোষ খেয়ে এ কৃতিত্ব অর্জন করেন।
অনুষ্ঠানে বিনামূল্যে কাঁঠাল সরবরাহ করেন হাটবোয়ালিয়ার ইলাহী কাননের স্বত্বাধিকারী কোরবান আলী মণ্ডল। এছাড়া কাঁঠাল চাষে বিশেষ অবদানের জন্য হাটবোয়ালিয়া গ্রামের কাঁঠাল চাষি মাওলানা মাসুদ করিমকে সম্মাননা প্রদান করা হয়। উৎসবের সার্বিক আয়োজনে সহযোগিতা করেন উদীচীর সদস্য জহুরুল ইসলাম, হোসেন আলী ও আশরাফুল হক।
