ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্যদিয়ে তিন দিনব্যাপী ফলমেলার উদ্বোধন এবং খরিপ-২ মৌসুমের কৃষি উপকরণ প্রণোদনা বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন ও কৃষকদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ বলেন, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টি ও খাদ্যের চাহিদা মেটাতে ফলদ ও ঔষধি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের দেশের মাটি অত্যন্ত উর্বর, এখানে সঠিক প্রযুক্তির ব্যবহার ও উন্নত জাতের চাষাবাদ বাড়াতে পারলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশ পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ হবে।
তিনি আরও বলেন, অতীতের সকল বৈষম্য পেছনে ফেলে বর্তমান প্রশাসন প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় সরকারি প্রণোদনা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সারের দাম কমানো থেকে শুরু করে উন্নত বীজ নিশ্চিত করতে কাজ চলছে। প্রতিটি বাড়িতে অন্তত একটি করে ফলদ বা পুষ্টিগুণ সম্পন্ন গাছ রোপণ করা উচিত, যাতে নতুন প্রজন্ম ভেজালমুক্ত ফল খেতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই সময়োপযোগী উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।" তিনি কৃষকদের প্রাপ্ত প্রণোদনার বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ রায় এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জাসাসের সম্পাদক সেলিমুল হাবিব, ইউপি চেয়ারম্যান তবারক হোসেন ও মাহবুবুল হক, কৃষকদল নেতা ওয়াজেদ আলী কচি, যুবদল নেতা মীর আসাদুজ্জামান উজ্জল এবং ছাত্রদল নেতা জাহিদ হাসান শুভ, আতিক রহমান রিংকু ও আল ইমরান রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক প্রান্তিক কৃষক।
