চুয়াডাঙ্গায় বাউল গানের আসরে জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ

গ্রামীণ ও লোকজ ঐতিহ্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব

আপলোড তারিখঃ 2026-06-26 ইং
চুয়াডাঙ্গায় বাউল গানের আসরে জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’- স্লোগানে চুয়াডাঙ্গায় বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার সভাপতি মহিউদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ।


অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বাংলার লোকসংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো বাউলধারা। বাউলরা যুগ যুগ ধরে মানুষের মাঝে প্রেম, মানবতা, সম্প্রীতি ও অসাম্প্রদায়িকতার বাণী ছড়িয়ে আসছেন। তাদের গান শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের আত্মিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য মাধ্যম। বর্তমান সময়ে যখন সমাজে বিভেদ, হিংসা ও অসহিষ্ণুতা বাড়ছে, তখন বাউলদের মানবপ্রেম ও সহমর্মিতার দর্শন আমাদের নতুন করে পথ দেখাতে পারে।’


তিনি আরও বলেন, ‘গ্রামীণ সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। বাউল শিল্পীরা নানা প্রতিকূলতার মধ্যেও এই ঐতিহ্য ধরে রেখেছেন। কিন্তু অনেক শিল্পী আর্থিক সংকট ও পৃষ্ঠপোষকতার অভাবে তাদের শিল্পচর্চা অব্যাহত রাখতে হিমশিম খাচ্ছেন। তাদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। বাউল সংস্কৃতি টিকে থাকলে আমাদের শেকড়ের সঙ্গে সম্পর্কও অটুট থাকবে।’


শরীফুজ্জামান বলেন, ‘নতুন প্রজন্মকে মোবাইল ও প্রযুক্তিনির্ভর বিনোদনের পাশাপাশি লোকসংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে হবে। বাউল গান আমাদের ইতিহাস, ঐতিহ্য ও জীবনদর্শনের অংশ। তাই এই সংস্কৃতি সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলা পরিষদ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিরণ-উর-রশীদ শান্ত এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বাউল কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জুড়োন শাহ, সহসভাপতি ও অনুষ্ঠানের সঞ্চালক তৌহিদ হাসান মাস্টার, দামুড়হুদা উপজেলা জাসাসের সভাপতি আক্কাস আলী, মনসুর আলী, শিল্পী সুবর্ণ শোভাসহ জেলার বিভিন্ন বাউল শিল্পী ও সংস্কৃতিপ্রেমী দর্শক।
পরে বাউল শিল্পীরা পর্যায়ক্রমে গান পরিবেশন করেন। তাদের পরিবেশনায় শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে বাউল গানের আসর উপভোগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)