ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার রুদ্রনগর গ্রামে বজ্রপাতে নাজমুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটের দিকে গোবিন্দপুর ফকির বাগানের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নাজমুল ইসলাম রুদ্রনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নাজমুল ইসলাম মাঠে পাওয়ার ট্রলি দিয়ে জমি চাষের কাজ করছিলেন। এসময় হঠাৎ করে আকাশে মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে প্রচণ্ড বজ্রপাত হলে তিনি পাওয়ার ট্রলি থেকে ছিটকে পড়ে যান। এরপরও ট্রলিটি কিছুদূর চালু অবস্থায় এগিয়ে যেতে থাকে।
প্রত্যক্ষদর্শী নুর ইসলামের ছেলে বলেন, ‘আমি পাশের জমিতে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এরপর দেখি নাজমুল ভাই ট্রলি থেকে পড়ে গেছেন। কাছে গিয়ে বুঝতে পারি তিনি আর বেঁচে নেই। পরে গ্রামে খবর দিলে স্বজনরা এসে তাকে বাড়িতে নিয়ে যান।’ নিহতের পরিবার সূত্রে জানা যায়, নাজমুল ইসলামের চার বছর বয়সী একটি কন্যা সন্তান এবং দুই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বাবার নিথর দেহ ঘিরে শিশু দুটি নির্বাক হয়ে সবার কান্না দেখছিল। উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
