ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধভাবে পুশ-ইনের (বাংলাদেশে ঠেলে দেওয়ার) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয় গ্রামবাসীকে সাথে নিয়ে বিজিবি সদস্যরা কঠোর অবস্থান নিলে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে ভারতের নদীয়া জেলার মুরুঠিয়া থানার ব্রজনাথপুর সীমান্তের ১৪২ নম্বর ৫-এস পিলারের কাছ দিয়ে ৭ জন নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবির সহড়াতলা ক্যাম্পের জোয়ানরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সীমান্তে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন এবং পুশ-ইনে বাধা দেন।
বিজিবি ও স্থানীয়দের অনড় অবস্থানের মুখে বিএসএফ তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। পরবর্তীতে দীর্ঘ সময় অপেক্ষার পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিএসএফ ওই ৭ জনকে ভারতীয় সীমান্তের কাঁটাতারের ওপারে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। অবৈধভাবে পুশ-ইনের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ এবং ১ জন নারী ছিলেন বলে জানা গেছে, তবে তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নুরুল হুদা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দিলেও, স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নির্ভরযোগ্য সূত্রগুলো ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
