যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান

আপলোড তারিখঃ 2026-06-23 ইং
যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি হাফিজুর রহমান (৪০) সিঅ্যান্ডবি পাড়া এলাকার মৃত বাবর আলীর ছেলে এবং যুবলীগের সক্রিয় কর্মী রুহুল আমিন আশিক (২৯) সুমিরদিয়া এলাকার দরুদ হাসানের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। ওই অভিযানের অংশ হিসেবে রোববার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সদর থানার পুলিশ এক খুদে বার্তায় জানায়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।


এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পক্ষ থেকে জানানো হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে।


এদিকে, দামুড়হুদা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে দামুড়হুদা মডেল থানা-পুলিশের একটি দল উপজেলার কাদীপুর গাংপাড়া এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ কর্মী দেলোয়ার হোসেনকে (৩৫) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। দেলোয়ার হোসেন কাদিপুর গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে ও যুবলীগের সক্রিয় কর্মী। পুলিশ জানায়, তার বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনে তাকে আটক করা হয়েছে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী মামলার আসামি দেলোয়ারকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, জেলার বিভিন্ন স্থানে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।


অপর দিকে, কার্যক্রম নিষিদ্ধ জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মোহাম্মদ তুহিন জীবননগর উপজেলার মিনহাজপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মোহাম্মদ তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)