ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের তরুণ কবি সম্রাট হোসেনের কবিতা প্রকাশিত হয়েছে জর্ডান থেকে প্রকাশিত আন্তর্জাতিক সাহিত্যভিত্তিক ‘আরিস সাংস্কৃতিক ম্যাগাজিন’-এ। সম্রাট হোসেন রফিকুল ইসলাম সীমান্ত ও বুলবুলি ইসলামের ছেলে। কেরু উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং দর্শনা সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর তিনি সাহিত্যচর্চাকে জীবনের সাধনা হিসেবে বেছে নেন। বর্তমানে ঢাকায় চাকরির পাশাপাশি নিয়মিত লেখালেখি করছেন।
এর আগে তার লেখা ‘সাহিত্য সৌরভ’, ‘ইকরা’, ‘নবীন’, ‘জোয়ার’, ‘তাজকিয়া’ এবং ভারতের ‘তারুণ্যের ছোঁয়া’ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। এছাড়া ‘আহত ফড়িঙের ঘর নেই’ যৌথ কাব্যগ্রন্থে স্থান পেয়েছে তার দুটি কবিতা। সম্রাট হোসেন বলেন, “আগামী দিনে বাংলা সাহিত্যের জন্য কিছু অবদান রেখে যেতে চাই। লেখার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করাই আমার স্বপ্ন।” স্থানীয় সচেতন মহল মনে করেন, দর্শনার একটি গ্রাম থেকে উঠে এসে আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে জায়গা করে নেওয়া সম্রাটের এ সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার।
