আলমডাঙ্গার শ্রীরামপুরে পুকুর খননের আড়ালে মাটি বিক্রি

ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-06-22 ইং
আলমডাঙ্গার শ্রীরামপুরে পুকুর খননের আড়ালে মাটি বিক্রি ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার কালিদাশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে পুকুর পুনঃখননের আড়ালে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার উপজেলার শ্রীরামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার।


স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার বাসিন্দা ওলি মণ্ডলের ছেলে হাসিবুল ইসলাম একটি পুকুর পুনঃখননের কাজের ঠিকাদারি নেন। তবে পুনঃখননের নামে উত্তোলিত মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রশাসনের নজরে এলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মাটি বোঝাই একটি ট্রলি আটক করা হয়। ঘটনাস্থলে প্রাথমিক তদন্তে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির সত্যতা পাওয়া যায়।


পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ (সংশোধিত)-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত হাসিবুল ইসলামকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)