ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী (চাল) বিতরণ করা হয়েছে। গতকা রোববার উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ সহায়তা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে হারদী, বাড়াদী, ভাংবাড়িয়া, কুমারীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে সহায়তা বিতরণ করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন গ্রামের ১৩৩ জন উপকারভোগীকে জনপ্রতি ৩ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা দেওয়া হয়। এছাড়া ৫০০ পরিবারের মধ্যে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। বর্তমান সরকার সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। কোনো পরিবার যেন খাদ্যসংকট বা আর্থিক কষ্টে না থাকে, সে লক্ষ্যেই নিয়মিত বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি সহায়তাই যথেষ্ট নয়। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসতে হবে। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর মধ্যেই মানবতার প্রকৃত পরিচয় নিহিত রয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ। প্রকল্প বাস্তবায়ন অফিসের কম্পিউটার মুদ্রাক্ষরিক মহসীন মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, অফিস সহকারী আমিরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
