ছবির ক্যাপশন:
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা সরাসরি বড় পর্দায় উপভোগ করেছে চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা প্রশাসন। গতকাল শনিবার বেলা ২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা অডিটোরিয়ামে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে ফাইনাল খেলা উপভোগ করেন জেলা প্রশাসক লুৎফুন নাহারসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
শনিবার ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল পর্বে দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই হয়ে আসা চারটি দল অংশ নেয়। জমকালো এ আয়োজনে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা বিভাগে শিরোপা জিতে নেয় পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি খুদে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকেই খেলাধুলার প্রসার ঘটাতে হবে। ক্রীড়াক্ষেত্রে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ পরিচর্যা ও সুযোগ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈম, মির্জা শহিদুল, আবদুল্লাহ আল শামীম, জেলা শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা উপলক্ষে আলমডাঙ্গায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়।
রাজধানীতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি সরাসরি উপভোগ করেন প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীরা। সরকারি নির্দেশনার আলোকে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান রেজা, উপজেলা বিএনপির সহসভাপতি আকতার জোয়ার্দার, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারেছ উদ্দিন, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাকিবুল ইসলাম, সহকারী শিক্ষক আহসান কবির বকুলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা চলাকালে হলরুমজুড়ে ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। ক্ষুদে ফুটবলারদের দারুণ নৈপুণ্য, দলগত সমন্বয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দর্শকদের মুগ্ধ করে। প্রতিটি আক্রমণ, গোলের সুযোগ ও রোমাঞ্চকর মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো হলরুম।
