ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও অপতথ্য প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী। তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকরা অনেক দক্ষ হয়ে উঠছেন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, ‘আজকের এই অনুষ্ঠানটি খুবই সুন্দর হয়েছে। ভবিষ্যতে এমন অনুষ্ঠান আরও বেশি হবে বলে আশা করি। এতে জেলার সাংবাদিকরা আরও বেশি প্রশিক্ষিত হবেন।’
প্রশিক্ষণ কর্মসূচিতে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন পিআইবির প্রশিক্ষক শাহানোয়ার সাইদ শাহীন। প্রথম দিনের রিসোর্স পারসন হিসেবে বুম বাংলাদেশের ফ্যাক্ট-চেকার ও এআই বিশেষজ্ঞ তাওসিফ আকবর সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, এআই জেনারেটেড লেখা, ছবি ও ভিডিও যাচাইসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন।
দ্বিতীয় দিনে ব্র্যাকের মাল্টিমিডিয়া অ্যান্ড কমিউনিকেশন স্পেশালিস্ট সাফাত রহমান মোবাইল জার্নালিজম (মোজো), সংবাদ ধারণ, শট নির্বাচন ও ব্যবহার, রিক্যাপিং এবং মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। তৃতীয় ও শেষ দিনে ঢাকা স্ট্রিমের প্ল্যানিং এডিটর আঞ্চলিক সাংবাদিকদের সঙ্গে রাজধানীকেন্দ্রিক সাংবাদিকতার যোগাযোগ কৌশল, এআই ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া টপলাইন, ভয়েসওভার, সিঙ্ক, সামাজিক যোগাযোগমাধ্যমে রিপোর্টিং এবং লাইভ স্ট্রিমিং সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সানি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক, স্থানীয় সম্পাদক পরিষদের আহ্বায়ক সরদার আল আমীন, সদস্যসচিব রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান প্রতিবেদক সোহেল রানা ডালিম, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিক রহমান, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি এম এ মামুন, বিজয় টিভির জেলা প্রতিনিধি পলাশ উদ্দিন, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফাইজার চৌধুরী, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিসান আহমেদ, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহফুজ মামুন, দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক নাজমুল ইসলাম সামিসহ বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
