ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিদাসপুর সাদা ব্রিজ এলাকায় আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের বাসিন্দা আলী আকবারের ছেলে হাবিবুর রহমান (৪০)।
আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, হাবিবুর রহমান কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী (হেলপার) ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন। মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
