ছবির ক্যাপশন:
‘মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা সদর থানার উদ্যোগে মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড এলাকায় ‘ওপেন হাউজ ডে’ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
তিনি বলেন, ‘মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।’ তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, শিক্ষা ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে হবে। দেশ ও জাতির কল্যাণে যুবসমাজকে গঠনমূলক কাজে অংশগ্রহণেরও আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মাদককে ‘না’ এবং সচেতনতাকে ‘হ্যাঁ’ বলার প্রত্যয়ের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
