চুয়াডাঙ্গায় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে প্রফেসর সিদ্দিকুর রহমান

দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান অন্তরায়

আপলোড তারিখঃ 2026-06-17 ইং
চুয়াডাঙ্গায় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে প্রফেসর সিদ্দিকুর রহমান ছবির ক্যাপশন:

দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ ও তরুণ প্রজন্মের মাঝে সততার আলো ছড়িয়ে দিতে চুয়াডাঙ্গায় চলমান তিন দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচির দ্বিতীয় দিনে জমকালো বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার এম.এ বারী মাধ্যমিক বিদ্যালয়ে এই যুক্তি ও মেধার লড়াই অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ (মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার শীর্ষ স্থান অধিকারী পরবর্তীতে আঞ্চলিক পর্যায়ের মূল প্রতিযোগিতায় চুয়াডাঙ্গার প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবে। চুয়াডাঙ্গা জেলার শীর্ষস্থানীয় ৬টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের একঝাঁক ক্ষুরধার তার্কিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় নিজেদের যুক্তি ও মেধার শ্রেষ্ঠত্ব প্রমাণে অংশ নেয়।


বিতর্কের যুক্তি-তর্কের লড়াই শেষে আয়োজিত বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান।


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর সিদ্দিকুর রহমান বলেন, ‘দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান অন্তরায়। তরুণ প্রজন্ম যদি এখন থেকেই সততা, নৈতিকতা ও যুক্তিবাদী মনন নিয়ে গড়ে ওঠে, তবে আগামী দিনে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। এই ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস ও সচেতনতা তৈরি করে।’


অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যের মাধ্যমে আয়োজনের মূল লক্ষ্য ও দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক মেহেরাব্বিন সানভীর অত্যন্ত চমৎকার ও প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, এম.এ.বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি রাশিদুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বিপুল আশরাফ, রিপন হোসেন ও কিংকর কুমার দে।


এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, বিপুল সংখ্যক শিক্ষার্থী, স্থানীয় সুধী সমাজ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। যুক্তি ও তথ্যের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বিতর্ক প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক এম.এ.বারী মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্স আপ ট্রফি নিজেদের করে নেয় চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)