ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স’। গতকাল মঙ্গলবার সংগঠনের প্রধান কার্যালয়ে ‘স্বাবলম্বীকরণ কর্মসূচি’র আওতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আসলাম হোসেন এবং সাধারণ সম্পাদক রনি বিশ্বাস উপস্থিত থেকে এক কর্মক্ষম অসচ্ছল নারীর হাতে নতুন একটি সিঙ্গার সেলাই মেশিন তুলে দেন। এর মাধ্যমে ওই পরিবারের জন্য স্থায়ী আয়ের একটি সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তারা।
সেলাই মেশিন বিতরণকালে মো. আসলাম হোসেন বলেন, ‘আমরা শুধু সাময়িক ত্রাণ বা সহায়তা প্রদানে বিশ্বাসী নই। একজন মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য। এই সেলাই মেশিনটি একটি পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতার পথ তৈরি করবে।’ সংগঠনের সাধারণ সম্পাদক রনি বিশ্বাস বলেন, ‘চুয়াডাঙ্গার পিছিয়ে পড়া মানুষের কল্যাণে আমাদের এ ধরনের স্বাবলম্বীকরণ ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যুবসমাজকে সঙ্গে নিয়ে একটি আদর্শ ও স্বাবলম্বী চুয়াডাঙ্গা গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।’
সংগঠন সূত্রে জানা যায়, সুবিধাবঞ্চিত মানুষের সহায়তার পাশাপাশি চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স ডিবেট ক্লাব, আইটি টিম, ব্লাড সেন্টার, মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্যে লিডারশিপ প্রোগ্রামসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
