ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় মোমিনপুর ইউনিয়নের পিটিআই ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বোয়ালমারী গ্রাম একাদশ ৪-০ গোলের বড় ব্যবধানে আমিরপুর গ্রাম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মোমিনপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা। খেলার শুরু থেকেই বোয়ালমারী গ্রাম একাদশ আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় এবং শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। এ সময় তিনি বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের এই আয়োজন প্রমাণ করেছে যে, আমাদের তরুণরা সুযোগ পেলে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের মেধা ও প্রতিভা বিকাশ করতে পারে। বর্তমান সময়ে সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে হলে যুবকদের মাঠমুখী করতে হবে। খেলাধুলা মানুষকে সহনশীলতা, নেতৃত্বগুণ এবং পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, ‘আমি আয়োজকদের ধন্যবাদ জানাই- এমন একটি সুন্দর ও প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্ট আয়োজনের জন্য। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকলে এলাকার তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে। আমরা চাই, চুয়াডাঙ্গার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে খেলাধুলার পরিবেশ সৃষ্টি হোক এবং এখানকার মেধাবী খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখুক।’
শরীফুজ্জামান আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চার বিকল্প নেই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব বিপুল হাসান হ্যাজি, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন, সাধারণ সম্পাদক আব্দুল ছালাম, মোমিনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশাদুল হক, সদর উপজেলা কৃষক দলের সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিক এবং সদর উপজেলা ওলামা দলের সভাপতি রকিবুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ।
খেলা পরিচালনা করেন তরিকুল ইসলাম। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। দর্শকদের উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।
