ছবির ক্যাপশন:
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সাব্বির হোসেন (২৫) লোকনাথপুর গ্রামের আলম হোসেনের ছেলে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিনের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সিহাব ও এসআই সাইফুল অভিযান পরিচালনা করেন। অভিযানে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ৩ জুন দিবাগত রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মশাল মিছিলকে কেন্দ্র করে দামুড়হুদা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নাম উল্লেখসহ আরও ৪০-৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্ত ও অভিযানের ধারাবাহিকতায় সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
