ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি, বামন্দী ও রায়পুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন, ভিডিও প্রদর্শনী ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পৃথকভাবে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে দিনব্যাপী মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়।
ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গ্রাম আদালতের গুরুত্ব, বিচার প্রক্রিয়া, স্বল্প সময় ও স্বল্প ব্যয়ে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সাহারবাটি ও বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের সভাপতিত্বে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। এদিকে রায়পুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মো. আরিফুল ইসলাম।
গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী বাবুল আক্তারের সঞ্চালনায় আয়োজিত সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে জেলা আদালত বা থানায় না গিয়ে গ্রাম আদালতের মাধ্যমে আইনি সেবা গ্রহণ করলে সময়, অর্থ ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসে। তাই এ সেবা সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি জরুরি।
অনুষ্ঠানে প্রদর্শিত ভিডিওচিত্রের মাধ্যমে উপস্থিত জনসাধারণ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করেন। কর্মসূচির শেষ পর্বে ভিডিওভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
